নোয়াখালীর চাটখিল উপজেলায় “খালেদা জিয়া মুক্তি পরিষদ” নামের একটি ফেইক ফেসবুক আইডি থেকে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছ আহম্মদ হানিফের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে মো. আনিছ আহম্মদ হানিফ বলেন, ফেইক আইডি থেকে দাবি করা হয়েছে যে তিনি নাকি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার পক্ষে তদবির করে তাকে ও তার গাড়ি পুলিশ থেকে ছাড়িয়ে নিয়েছেন—যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তিনি জানান, প্রকৃত ঘটনা ভিন্ন।
তিনি বলেন, মোহাম্মদপুর ইউনিয়নের মলংমুড়ি গ্রামের রুবেল নামের এক যুবদল কর্মীর একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ট্রাফিক পুলিশ আটক করে। এ ঘটনায় সার্জেন্ট গোলাম নবী একটি মামলা দায়ের করেন। বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে রুবেল কীভাবে আইনানুগভাবে জরিমানা পরিশোধ করতে পারে সে বিষয়ে সার্জেন্টের সঙ্গে কথা বলে ফিরে আসেন।
তার অভিযোগ, এ সময় দূর থেকে তার একটি ছবি তুলে সেটিকে বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে ফেইক আইডির মাধ্যমে এ ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে, তবে বিএনপির নেতাকর্মীরা এসব অপচেষ্টা সম্পর্কে সচেতন।
এ বিষয়ে চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “যারা সামাজিক ও রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ে এবং সমাজে যাদের আত্মসম্মান নেই, তারাই ফেইক আইডির আড়ালে থেকে অপপ্রচার চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।
চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ বলেন, আনিছ আহম্মদ হানিফের মতো ত্যাগী ও সক্রিয় একজন নেতার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার অত্যন্ত নিন্দনীয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা বলেন, আনিছ আহম্মদ হানিফ একজন কর্মীবান্ধব নেতা। নেতাকর্মীরা দিন-রাত সব সময় তাকে পাশে পায়। কিন্তু একটি অসাধু চক্র ফেইক আইডির মাধ্যমে তাকে এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণমানুষের দল। কিছু ষড়যন্ত্রকারী ও সুবিধাবাদী মহল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।” তিনি আরো বলেন, দলের ভেতরে শৃঙ্খলাবদ্ধ কাঠামো রয়েছে এবং কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আহ্বায়ক এডভোকেট আবু হানিফ বলেন, আনিছ আহম্মদ হানিফ নেতাকর্মীদের বিপদে-আপদে সবার আগে সাড়া দেন এবং অনেক নেতার চেয়েও কর্মীরা তাকে বেশি কাছে পায়। তিনি সংশ্লিষ্ট সকলকে সঠিক তথ্য-প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়ে বলেন, “পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো থেকে বিরত থাকা উচিত।”
এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার 


















