প্রতিনিধি,কবির হোসেন রাকিবঃ
নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডাচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজহার মুন্সির সমাজে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রাতে আনুমানিক রাত ২টার দিকে মোহাম্মদ ফারুক হোসেনের মালিকানাধীন মোদি দোকানে কে বা কারা ফোন দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয়রা জানান।
আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে দোকানে রাখা চাউল, ডাল, আলু ও বিভিন্ন ধরনের মোদি মালামালসহ সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মামুন মেম্বার এবং বিএনপির ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল দিদার হোসেন ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, এই ন্যাক্কারজনক অগ্নিসংযোগের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে দলীয়ভাবে এবং আইনিভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলেই তাদের ধারণা। তবে এখন পর্যন্ত কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে—তা নিশ্চিতভাবে জানা যায়নি। এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ ফারুক হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘদিনের কষ্টার্জিত উপার্জন দিয়ে দোকানটা দাঁড় করিয়েছিলাম। এক রাতেই সব শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে চরম সংকটে আছি।
এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
Reporter Name 



















