বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
১৮ ডিসেম্বর ২০২5, বৃহস্পতিবার , বাংলাদেশ দূতাবাস, কুয়েতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৫” পালন করা হয়। “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৫” এর এবারের প্রতিপাদ্য ছিল “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিওসি, পিএসসি এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশী কমিউনিটির সদস্য এবং বাংলাদেশী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ, বিভিন্ন কোম্পানীর বাংলাদেশী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা যথাক্রমে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেস্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনান। অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস -২০২৫ উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং দূতাবাসের কাউন্সেলর (শ্রম) জনাব এস. এম. সাইফুর রহমান তাঁর উপস্থাপনায় প্রবাসীদের কল্যাণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন। পরবর্তীতে প্রবাসী বাংলাদেশীগণকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘রেমিট্যান্স পুরষ্কার-২০২৫’ পুরস্কার প্রদান করা হয় এবং প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫ সালে ব্যক্তি পর্যায়ে রেমিট্যান্স পুরস্কার প্রাপ্তরা হলেন জনাব জনাব আমিনুল ইসলাম (১ম) ও জনাব আবুল কাশেম (২য়) এবং প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ হলো- কনফিডেন্স জেনারেল ট্রেডিং ফুডস্টাফ কোম্পানী (১ম) ও জনতা জেনারেল ট্রেডিং কোম্পানী (২য়)।
মান্যবর রাষ্ট্রদূত কুয়েতস্থ সকল প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারবর্গকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন যে, প্রবাসীগণ কঠোর পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। সরকার প্রবাসীদের কল্যাণকে সর্বোচ্চ গূরুত্ব দিয়ে আসছেন। তিনি আরও জানান, কুয়েতে বসবাসরত প্রবাসীদের কল্যাণে দূতাবাস সর্বদা তাঁদের পাশে রয়েছে।
Reporter Name 



















