লক্ষ্মীপুর জেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সুতারগোফটা বাজার এলাকায় এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিএনপি নেতা ও ব্যবসায়ী বেল্লাল হোসেনের বসতঘরের দুই দরজায় তালা লাগিয়ে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পুরো ঘর দাউ দাউ করে জ্বলে ওঠে। ঘরের ভেতরে তখন বেল্লাল হোসেনের পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। তালাবদ্ধ দরজার কারণে তারা বের হতে না পেরে চরম বিপদের মুখে পড়েন।
স্থানীয়দের চেষ্টায় ও দরজা ভেঙে ভেতর থেকে তিনটি শিশুকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, দুঃখজনকভাবে বেল্লাল হোসেনের বড় মেয়ে ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। উদ্ধারকৃত তিন শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন এবং ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই এটিকে পরিকল্পিত ও নৃশংস অগ্নিসংযোগ বলে উল্লেখ করছেন
মোহাম্মদ জাকির শাহ, লক্ষ্মীপুর প্রতিনিধি 



















