লক্ষ্মীপুরের কমলনগরে জারিরদোনা শাখা খাল পুনখনন করার পরপরই মহাসড়ক এবং সংলগ্ন ঘাটওয়াল ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলের মূল রাস্তাটি ধসে গিয়ে যেকোনো মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাল খনন প্রকল্পের পর সঠিক প্রতিরক্ষা ব্যবস্থা বা অপরিকল্পিত খননের কারণে মহাসড়কের পাশের ওই অংশটি ধসে পড়তে শুরু করে। সড়কটির গুরুত্বপূর্ণ অংশসহ ঘাট ধসে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে প্রতিদিন চরম ঝুঁকি তৈরি হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটি যদি দ্রুত সংস্কার করা না হয়, তবে খুব অল্প সময়ের মধ্যেই এলাকার মানুষের চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফলে সাধারণ মানুষের যাতায়াত ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই শঙ্কিত এলাকাবাসী অনতিবিলম্বে টেকসই ও দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “ঘটনাটি জানার পরই আমি নিজে সরেজমিনে গিয়ে স্থানটি পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত সড়ক ও ঘাটের অংশ দ্রুত সংস্কার করে দেওয়া হবে।”
জনভোগান্তি এড়াতে অনতিবিলম্বে ধসে যাওয়া স্থান মেরামত ও প্রতিরক্ষা বাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়েছন ভুক্তভোগী সাধারণ মানুষ।
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর 


















