লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কয়েক দিনের মধ্যেই শুরু হবে ধান কাটার মৌসুম। ইতিমধ্যে কিছু এলাকায় কাটা শুরু হয়েছে, বাকি স্থানে চলছে প্রস্তুতির ব্যস্ততা। মাঠজুড়ে সোনালি ধানের শীষে ভরে গেছে
দিগন্ত— ফলে হাসি ফুটেছে কৃষকের মুখে।
রামগতি-কমলনগরের বিস্তীর্ণ মাঠ এখন পাকা আমন ধানে ঢেকে গেছে। ফলন ভালো হওয়ায় আনন্দে ভরপুর কৃষকরা এখন ধান ঘরে তোলার অপেক্ষায়। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমনের ফলন অতীতের সব রেকর্ড ছাড়াবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রামগতি উপজেলায় আমন ধানের আবাদ হয়েছে ২৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭০ হাজার ৯৫০ মেট্রিক টন।
অন্যদিকে কমলনগরে আমনের আবাদ হয়েছে ১৯ হাজার ১৫০ হেক্টরে, উৎপাদন লক্ষ্যমাত্রা ৮৩ হাজার ৪৯৪ মেট্রিক টন।
রামগতি উপজেলার পোড়গাছা ইউনিয়নের কৃষক ইসমাইল বলেন, ‘আলহামদুলিল্লাহ, এবার আমনের ফলন খুব ভালো হয়েছে। বাজারে যদি ভালো দাম পাই, তাহলে আরো খুশি হব।’
কমলনগরের চর কাদিরা গ্রামের কৃষক হারুন অর রশিদ বলেন, ‘অন্যবারের চেয়ে এবার ফলন বেশি।
এখন চিন্তা একটাই— ভালো দাম পাওয়া যাবে কি না।’
রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান ও কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইকতারুল ইসলাম জানান, চাষিদের নতুন জাতের ধান চাষে উৎসাহিত করা হয়েছে। সরকারী ভাবে বিনা মূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে ফলনও আশানুরূপ হয়েছে।
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর 



















