নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতি বউকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫৫)কে জুতাপেটা করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গৃহবধুর স্বামী কাওসার মজুমদার বাদী হয়ে এ ঘটনায় ইসমাইল হোসেনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আটক ইসমাইল হোসেনকে আদালতের মাধ্যমে শনিবার বিকেলে কারাগারে পাঠিয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর সদরের চিনিকল সংলগ্ন তেবাড়িয়া ইউনিয়নের জংলি গ্রামের বাসিন্দা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন তার স্ত্রীর নাম ব্যবহার করে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে প্রতিবেশী নাতি বউ ভুক্তভোগী নারীকে কৌশলে বাড়িতে ডেকে পাঠান। ভুক্তভোগী নারী বাড়িতে এসে দেখেন তার দাদী শাশুড়ি বাড়িতে নেই। এ সময় ইসমাইল হোসেন তাকে জোরপূর্বক কাপড় দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন। এক পর্যায়ে মুখের বাঁধন খুলে সে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন।
এ ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত ইসমাইল হোসেনকে গণপিটুনী দিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। গৃহবধুর স্বামী ওইদিন রাতেই থানায় মামলা দায়ের করেন। খবর পেয়ে ইসমাইল হোসেন হাসপাতাল থেকে পালিয়ে যান। শনিবার ভোরে নিজ গ্রামের কারো বাড়িতে আত্মগোপনে থাকা ইসমাইল হোসেন রাস্তায় বের হলে পাহারায় থাকা এলাকাবাসী তাকে আটক করে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে গাছের সঙ্গে বেঁধে পুলিশে হস্তান্তর করেন। পরে নাটোর থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
নাটোর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোহেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি 



















