সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের ব্যবসায়ী সুহেল আহমদের (৩৫) চারটি ভেড়া চুরির ঘটনায় থানায় মামলা হওয়ার সাতদিন পর অবশেষে ভেড়াগুলো উদ্ধার করেছে পুলিশ।
গত ১৬ নভেম্বর রোববার বাদাঘাট বাজার থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের চারটি ভেড়া চুরি হয়ে যায়। এ ঘটনায় সুহেল আহমদ বাদাঘাট মোল্লাপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে সোহাগ মিয়াসহ তিনজনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। তদন্তে বেরিয়ে আসে,চুরি হওয়া ভেড়াগুলো শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে সোহাগ মিয়ার শ্বশুরবাড়িতে রাখা হয়েছে।পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারটি ভেড়া উদ্ধার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, সুহেলের মোট ১১টি ভেড়া বাদাঘাট বাজারে রাখা ছিল।সেদিন ১নং ও ২নং বিবাদী চারটি ভেড়া তুলে নিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, ভেড়াগুলো ৩নং বিবাদী সোহাগ মিয়ার কাছে আছে। সোহাগ দাবি করে,সে নাকি অন্য দুই অভিযুক্তের কাছ থেকে ১১ হাজার টাকায় ভেড়াগুলো কিনেছে এবং ফেরত দিতে ১৫ হাজার টাকা চাই।
ঘটনা মীমাংসায় এলাকায় সালিশের চেষ্টা হলেও অভিযুক্তরা তাতে সাড়া দেয়নি।অভিযোগকারী জানান,বিবাদীরা এলাকায় চিহ্নিত উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক।তাদের কারণে এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও ছিল।
পরে ঘটনাটি যাচাই-বাছাই শেষে পুলিশ রবিবার (২৩ নভেম্বর) সোহাগের শ্বশুরবাড়ি থেকে চারটি ভেড়া উদ্ধার করে বাদীর কাছে বুঝিয়ে দেয়।
তবে এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত সোহাগ মিয়া মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই আমির হোসেন বলেন,ভেড়াগুলো বাদী সুহেলের ছোট ভাই সোহাগের কাছে বিক্রি করেছিল।তদন্তে বিষয়টি নিশ্চিত হয়ে ভেড়াগুলো উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।
তাহিরপুর প্রতিনিধি 



















