সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে স্বামীর মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন অন্তঃসত্ত্বা আনোয়ারা খাতুন (২৫)। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না। পথিমধ্যেই ঘাতক ট্রলির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন উত্তরা ইপিজেডের এই নারী শ্রমিক।
আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে নীলফামারীর সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের মেসার্স খাদিজা ফিলিং স্টেশনের সামনে হৃদয়বিদারক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আনোয়ারা উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়ার সিরাজ উদ্দিনের স্ত্রী এবং উত্তরা ইপিজেডের ‘দেশবন্ধু’ নামক কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে ছুটি শেষে স্বামী সিরাজ উদ্দিনের মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন আনোয়ারা। পথে ধানবোঝাই একটি ট্রলি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে যান তারা। এ সময় ট্রলির চাকা আনোয়ারার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। চোখের সামনেই স্ত্রীর এমন মৃত্যু দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন স্বামী সিরাজ উদ্দিন, যিনি নিজেও গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Reporter Name 



















