মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নের নুরুল্লাপুর হাজী কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার জমি ও গাছপালা জবরদখলের চেষ্টা চলছে—এমন অভিযোগ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তাঁদের দাবি, শুক্রবার দুপুরে প্রবাসফেরত আব্দুল্লাহ মামুন শিপন মাদ্রাসার জমিতে প্রবেশ করে গাছ কেটে স্থাপনা নির্মাণের চেষ্টা চালান।
অভিযুক্ত শিপন একই এলাকার মোল্লা বাড়ির নুরুল আমিনের ছেলে। তিনি নিজেকে সময় টিভির বিশেষ প্রতিনিধি এবং চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন। শিপন বলেন, “জায়গাটি আমাদের পৈতৃক সম্পত্তি। মালিকানার নথি অনুযায়ী আমি মালিকানা দাবী করছি।
এদিকে বিষয়টি নিয়ে সময় টিভি কর্তৃপক্ষ জানায়, শিপন আগে সৌদি আরব প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন। তবে তাঁর মাদ্রাসার জমিতে হস্তক্ষেপের অভিযোগ সম্পর্কে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি এ এস এম জাকারিয়া বলেন, “শিপনের এ কার্যক্রম নিয়ে আমি অবহিত নই। বিষয়টি বিস্তারিত জানি না।”
ঘটনার পর চন্দ্রগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, “খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। উত্তেজনা ছড়ানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, অভিযুক্ত শিপন দলবল দিয়ে মাদ্রাসার সম্পত্তি দখলের চেষ্টা করছে। তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
মাদ্রাসাটির পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমান জানান, শুক্রবারে অভিযুক্ত শিপন বহিরাগত কয়েকজনকে দিয়ে মাদ্রাসার গাছ ও জমির মাটি কেটে স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়। বহু পুরনো ধর্মীয় এ প্রতিষ্ঠানটিতে এ ধরনের নগ্ন হামলার তীব্র প্রতিবাদ তিনি জানান।
লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, “মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Reporter Name 



















