আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সারা দেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে মাঠে নেমেছে প্রশাসন। আজ শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় তারাগঞ্জ হাট এলাকার বিভিন্ন স্থাপনা থেকে রাজনৈতিক দলগুলোর পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে যায়। এর অংশ হিসেবে পুরোনো প্রচারণা সামগ্রী অপসারণে কঠোর নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনের।
তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হয়। হাট এলাকার দোকানপাট, দেওয়াল ও বিদ্যুতের খুঁটিতে লাগানো বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার নামিয়ে ফেলা হয়। নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ ও সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো দলের প্রচারণা সামগ্রী যাতে অন্যায়ভাবে প্রভাব বিস্তার না করে, সে জন্য সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
Reporter Name 



















