লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমির উর্বর টপসয়েল কেটে ইটভাটায় বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের নির্দেশনায় ভোলাকোট ইউনিয়নের নাগরাজারামপুর এলাকার কৃষিমাঠে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক ফসলি জমি কাটার সময় মোঃ শরিফ নামের এক মাটি ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন।
অভিযানে প্রমাণিত হয়, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে তা ইটভাটায় বিক্রি করছিলেন। এ অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক জানান, ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়া কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 



















