ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের সরকারি মহেশখাল দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের একদিনের মাথায় বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি খালের জায়গা দখল করে একটি দোকানঘর নির্মাণ করা হচ্ছিল। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুরের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারি খালের ওপর নির্মাণ করা দোকানঘরের অবৈধ অংশ অপসারণ করা হয় এবং দখলদারদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর বলেন, সরকারি খাল, নদী ও জলাশয় দখলমুক্ত রাখতে প্রশাসন বদ্ধপরিকর। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সরকারি সম্পত্তি দখলের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা সরকারি মহেশখাল সম্পূর্ণভাবে দখলমুক্ত রেখে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয়দের মতে, খাল দখলমুক্ত থাকলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি কমবে। তাই সরকারি জলাশয় ও খাল রক্ষায় প্রশাসনের ধারাবাহিক নজরদারি প্রয়োজন বলেও তারা মনে করেন।
ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 



















