বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) যশোর শহরের বিডি হলে আয়োজিত এ সমাবেশে সংগঠনের নেতারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মো. আখতারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মো. আব্দুল মালেক খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল কাদেরসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অতীতের শাসনামলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। তাঁদের দাবি, শ্রমিকদের পক্ষে কাজ করার সাংবিধানিক ও আইনি অধিকার থাকা সত্ত্বেও দীর্ঘদিন একটি অনুকূল পরিবেশের অভাবে সংগঠনের কার্যক্রম ব্যাহত হয়েছে।
তাদের বক্তব্যে আরও বলা হয়, দেশের শিল্প, বন্দর, পরিবহন ও উৎপাদন খাতে শ্রমিকদের অবদান অপরিসীম। কিন্তু সেই তুলনায় শ্রমিকরা এখনও ন্যায্য অধিকার ও বৈষম্যহীন কর্মপরিবেশ থেকে বঞ্চিত। শ্রমিকদের মর্যাদা, ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের যেখানেই অন্যায়, বৈষম্য কিংবা শ্রমিক নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলবে। পাশাপাশি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 



















