চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শ্রীকালিয়া এলাকায় জমি দখল, গালমন্দ, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফখরুল ইসলাম (৫৪) গত ২৩ জানুয়ারি ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপ্টি ইউনিয়নের ৭৬নং শ্রীকালিয়া মৌজার বিএস খতিয়ান নং ১০০৪ ও বিএস দাগ নং ২৪২-এর অন্তর্গত ৩ শতক জমি ফখরুল ইসলামের মা মোসাঃ হোসনেয়ারা বেগম খরিদ সূত্রে মালিক হন।
মো. বশির উল্লাহ মজুমদারের ছেলে এবং অভিযুক্ত ব্যক্তিদের ভাই মো. মাসুদ মজুমদার থেকে ২০০৬ সালে ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ১৮২১ নং দলিলমূলে বৈধ মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখলে রেখে রক্ষণাবেক্ষণ করে আসছেন। উক্ত জমিতে কোনো ধরনের মালিকানা বা স্বত্বাধিকার না থাকলেও তারা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২৩ জানুয়ারি শুক্রবার সকালে জাহাঙ্গীর হোসেন, জিতু মিয়া ও মো. হোসেন আলী মজুমদারসহ তাদের সহযোগীরা ভুক্তভোগীদের মালিকানাধীন জমিতে জোরপূর্বক বালি ভরাট শুরু করে। এ সময় ফখরুল ইসলাম বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং দেশীয় অস্ত্র হাতে হামলার উদ্দেশ্যে তেড়ে আসে।
একপর্যায়ে অভিযুক্তরা ফখরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের হুমকিতে ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম আতঙ্ক ও ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যে কোনো সময় জানমালের ক্ষতির আশঙ্কা করছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, উক্ত জমি সংক্রান্ত বিষয়ে চাঁদপুর আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা (নং–২২১/২৪) বিচারাধীন রয়েছে। ঘটনার সময় স্থানীয় একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন, যারা প্রয়োজনে সাক্ষ্য দিতে প্রস্তুত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা অভিযোগ করে জানান, অভিযুক্ত মো. হোসেন আলী মজুমদার একজন আইনজীবী ও স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক নেতা হওয়ায় প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। বিভিন্ন মানুষের থেকে জোর জবরদস্তি করে জায়গা দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। তাই এ বিষয়ে প্রশাসনের কাছে প্রতিকার চায় ভুক্তভোগী এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন মজুমদার ও তার ভাই জাহাঙ্গীর হোসেন মজুমদার জানান, এই সম্পত্তি আমাদের। আমরা কোন ধরনের অনিয়ম করিনি। আমরা আমাদের জায়গায় সঠিক আছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এস আই আরিফ হোসেন বলেন, গতকাল এই বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্যাপশন
ফরিদগঞ্জের গুপ্টি ইউনিয়নের শ্রীকালিয়া এলাকায় ক্রয়কৃত সম্পত্তি প্রতিপক্ষ দখলের ভয়ে ভুক্তভোগী পরিবার।
Reporter Name 



















