স্টাফ রিপোর্টার,কবির হোসেন রাকিব
কোস্টগার্ডের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় টেকনাফের প্রতিবাদী ও সাহসী সাংবাদিক আরাফাত সানিকে মিথ্যা ও সাজানো ‘ফিটিং’ মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’ লক্ষ্মীপুর জেলা কমিটি।
এক যৌথ বিবৃতিতে কমিটির নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশ করায় একজন সংবাদকর্মীকে এভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ফাঁসানো মুক্ত সাংবাদিকতার পথে বড় অন্তরায়। কোস্টগার্ডের কতিপয় অসাধু কর্মকর্তার দুর্নীতির খবর জনসম্মুখে আনায় সাংবাদিক আরাফাত সানিকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সাংবাদিকের কলমকে স্তব্ধ করতে মিথ্যা মামলার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। অবিলম্বে আরাফাত সানির বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং তাঁকে বিনাশর্তে মুক্তি দিতে হবে।”
লক্ষ্মীপুর জেলা কমিটির পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
অন্যায়-অবিচার রুখে দাঁড়াও, সাহসী সাংবাদিক সানির মুক্তি দাও!
Reporter Name 



















