মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে দেড় বছর বয়সী শিশু কানিজ ফাতেমা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন প্রতিবেশীকে নির্দোষ দাবি করেছে তাদের পরিবার। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে তাদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। সোমবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি পত্রিকা হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত তোফায়েল আহমেদ (৬০), তার স্ত্রী ফিরোজা বেগম ও পুত্রবধূ নিশু আক্তারের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তোফায়েল আহমেদের মেয়ে লাকি বেগম। লিখিত বক্তব্যে লাকি বেগম জানান, গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরিন দম্পতির কন্যা কানিজ ফাতেমা নিখোঁজ হয়। নিখোঁজের দিনই পুলিশ সন্দেহভাজন হিসেবে তোফায়েল আহমেদকে আটক করে এবং পরে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন শুক্রবার একই মামলায় তার স্ত্রী ফিরোজা বেগম ও পুত্রবধূ নিশু আক্তারকেও গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে তোফায়েলের পুত্রবধূ অভিযোগ করে বলেন, নিখোঁজের পর পুলিশসহ একাধিকবার তোফায়েল আহমেদের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক তল্লাশি চালানো হলেও তখন সেখানে কিছু পাওয়া যায়নি। কিন্তু শনিবার সন্ধ্যায় শিশুটির দাদি কোহিনুর বেগম একজন মেথর ডেকে এনে ওই একই সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করেন। তার দাবি, জমি নিয়ে দীর্ঘ ১০ থেকে ১২ বছরের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা সাজানো হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার রাত ৯টার দিকে তোফায়েল আহমেদের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক থেকে শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং গ্রেপ্তারকৃত তিনজনই কারাগারে রয়েছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জমি বিরোধের জেরে শিশু হত্যার অভিযোগে গ্রেপ্তার তিনজন নির্দোষ দাবি, মুক্তি ও সুষ্ঠু তদন্তের আহ্বান
-
Reporter Name - আপডেট টাইম : ০৮:৩৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- ১৯৬ বার
জনপ্রিয় সংবাদ




















