মোহাম্মদ হানজালা
শার্শা-বেনাপোল প্রতিনিধি।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ICNA Relief Canada। সংস্থাটির অর্থায়ন ও শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের সার্বিক সহযোগিতায় যশোরের শার্শা উপজেলার নাভারণ দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান, থানা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, যুব জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ মকবুল হুসাইন এবং শার্শা ইউনিয়ন আমীর মাওলানা আবু ইয়াহইয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শার্শা উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত রমজান ফুড প্যাক বিতরণ করা হয়। এ সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন, রমজান মাস ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র সময়ে শার্শার ২০০টি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ICNA Relief Canada-এর এ ধরনের মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও আমরা এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
উপকারভোগীদের মধ্যেও ছিল আনন্দ ও কৃতজ্ঞতার প্রকাশ। বেনাপোলের সাহেব আলী বলেন,এ ধরনের সহায়তা আমরা আগে পাইনি। মাওলানা আজীজুর রহমান এমপি হওয়ার পর এই সহযোগিতা পেয়ে আমরা খুব খুশি। একইভাবে ডিহি ইউনিয়নের জোহরা খাতুন বলেন, পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটছিল। আজ এই খাদ্য সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি পেলাম।
স্থানীয়দের মতে, রমজান মাসে এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করে। সমাজের বিত্তবান ও সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
Reporter Name 



















