মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী মা।
মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লামচরী এলাকার ‘মারকাজুল ফোরকান ওয়াস সুন্নাহ মাদ্রাসা’র ছাত্র ওয়াসিম রহমান (০৭) পড়া না পারার অজুহাতে শিক্ষক মো. মুহাইমেনুল (২৪), ওরফে ছোট হুজুরের হাতে মারধরের শিকার হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শিশুটিকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো, শ্বাসরোধের চেষ্টা এবং আছাড় দেওয়ার ঘটনা ঘটে।
দুপুরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে তার মা নাজমুন নাহার দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে (রেজি নং– ১৪৪৪/৩১)।
ঘটনার দিনই ভুক্তভোগীর মা লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে দুই দিন পার হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় বুধবার (৪ মার্চ) লক্ষ্মীপুর সদর আমলী আদালতে দণ্ডবিধির ৩২৩/৩০৭/৫০৬(খ) ধারায় মামলা দায়ের করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক প্রকাশ্যে এলাকায় অবস্থান করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। স্থানীয়দের আরও দাবি, মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার বর্তমান পরিচালক অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, লক্ষ্মীপুর সদর থানা জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সচেতন মহলের প্রত্যাশা—শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।
০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু নির্যাতনের অভিযোগে তোলপাড়: গ্রেপ্তার বিলম্বে মায়ের আদালতে মামলা
-
Reporter Name - আপডেট টাইম : ১১:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- ১০২ বার
জনপ্রিয় সংবাদ




















