স্টাফ রিপোর্টার,
কালিয়াকৈর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল নামে এক সহজ-সরল ব্যক্তির ওপর পৈশাচিক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ওই ব্যক্তির দুই হাত ও দুই পা ভেঙে দেওয়ার পাশাপাশি তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছে। এছাড়া তার বাড়ি থেকে নগদ ৩৭ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার প্রেক্ষাপট ও হামলা
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল হাকিমের ছেলে শফিকুলের বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে একদল নারী ও পুরুষ অতর্কিতভাবে শফিকুলের ডুপ্লেক্স বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির কেসি গেটসহ চারটি প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তান্ডব চালায়।
নৃশংস শারীরিক নির্যাতন
হামলাকারীরা শফিকুলকে একা পেয়ে ধারালো কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। নৃশংসতার একপর্যায়ে তার দুই হাত এবং দুই পা ভেঙে দেওয়া হয়। এমনকি তার চোখ উপড়ে ফেলার চেষ্টাও করে দুর্বৃত্তরা। বাধা দিতে গেলে শফিকুলের স্ত্রী, মা এবং বোনকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।
বড় অঙ্কের টাকা ও স্বর্ণ লুট
আক্রান্ত পরিবারের দাবি, শফিকুল ২১৮ বিঘা জমি ভাড়া নিয়ে বড় মৎস্য প্রজেক্ট পরিচালনা করতেন। ঘটনার আগের দিনই তিনি বিশাল অংকের মাছ বিক্রি করেছিলেন। হামলাকারীরা সেই মাছ বিক্রির নগদ ৩৭ লক্ষ টাকা এবং প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। মূলত বাড়িটি দখলের উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে পরিবারের অভিযোগ।
গুরুতর আহত শফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে শহীদ তাজউদ্দীনে ভর্তি হয়ে চিকিৎসা দিন আছেন । এলাকায় এই ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই জঘন্য হামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
Reporter Name 



















