মোঃ মান্নু মিয়া নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা এলাকায় অবস্থিত প্রখ্যাত ঔপন্যাসিক
ডা: নীহাররঞ্জন গুপ্ত ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করে স্হাপনা দুটি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২ এপ্রিল) বেলা ১২টার দিকে নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুস ছালামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা লোহাগড়া উপজেলার ইতনা এলাকার প্রখ্যাত উপন্যাসিক ডা: নীহাররঞ্জন গুপ্ত ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে বাড়িগুলোর বর্তমান অবস্থা, স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়।
জানা গেছে, উপমহাদেশের প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক ডা. নীহাররঞ্জন গুপ্ত ১৯১১ সালের ৬ জুন নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সত্যরঞ্জন গুপ্ত ১৮২৬ সালে বাড়িটি নির্মাণ করেন। আর ধনাঢ্য ব্যবসায়ী হেমন্ত সেনের সহধর্মিনী গৌরী সেনের বাড়িটিও সমসাময়িক সময়ে নির্মিত। সরকারের প্রত্নতত্ব অধিদপ্তর থেকে ঔপন্যাসিক ডা: নীহার রঞ্জন গুপ্তের বাড়িটি ‘ঐতিহাসিক স্থাপনা’ হিসেবে স্বীকৃতি মিললেও শুধু সীমানা দেওয়াল নির্মাণ ছাড়া আর কোন সংস্কার করা হয় নাই। গৌরী সেনের বাড়িটিও সংস্কারের অভাবে বেহাল দশা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে বাড়িগুলো সংস্কারের ব্যবস্থা করা হবে। একইসঙ্গে এগুলোকে ‘ঐতিহাসিক স্থাপনা’ হিসেবে সংরক্ষণ করা হবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বদিউজ্জামান, লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
Reporter Name 



















