কবির হোসেন রাকিব কমলনগর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৭টার পরও অধিকাংশ হাটবাজারে দোকানপাট খোলা রাখা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয় ও শৃঙ্খলা রক্ষায় সরকারের পক্ষ থেকে রাত ৭টার মধ্যে সব ধরনের দোকানপাট ও বিপণিবিতান বন্ধের নির্দেশনা থাকলেও কমলনগরে এর কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার হাজিরহাট, লরেন্স, করুণানগর ও মতিরহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে রাত ৭টা পার হওয়ার পরও অনেক ব্যবসায়ী তাদের দোকান খোলা রাখছেন। বিশেষ করে মুদি দোকান, ইলেকট্রনিক্স শোরুম ও চা-দোকানগুলোতে রাত ৯টা-১০টা পর্যন্ত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি না থাকায় ব্যবসায়ীরা এই নির্দেশনা মানতে অনীহা দেখাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা জানান, বাজারে রাত পর্যন্ত দোকান খোলা থাকায় অহেতুক মানুষের সমাগম বাড়ছে, যা সরকারি উদ্যোগকে ব্যাহত করছে।
এদিকে ব্যবসায়ীদের দাবি, তারা জীবিকার প্রয়োজনে এবং ক্রেতাদের চাহিদার কারণে দোকান খোলা রাখছেন। তবে সরকারি আইন অমান্য করে এভাবে দোকান খোলা রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দ্রুত আইন কার্যকর করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Reporter Name 



















