মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি অবৈধ ইটভাটাকে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পরিচালিত এ অভিযানে পরিবেশগত আইন লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম। তার নির্দেশনায় ভ্রাম্যমান আদালত ইটভাটাগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কাবিলপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের মেসার্স পূবালী ব্রিকস নামক জিগজ্যাগ ইটভাটায় অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কীলন (চুল্লি) ভেঙে ফেলা হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
একইভাবে, মোহাম্মদপুর এলাকায় অবস্থিত মেসার্স মদিনা ব্রিকস নামক আরেকটি জিগজ্যাগ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। সেখানেও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে কীলন ধ্বংস করা হয় এবং ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম জানান সেনবাগ উপজেলায় পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 



















