ফরিদ আহমেদ, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন সাংবাদিককে অবরুদ্ধ করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা পরিষদ সড়কে নবীনগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ১৬ এপ্রিল নবীনগর সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে বাংলা টিভির অনুসন্ধানী সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, গ্রীন টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি এস এম অলিউল্লাহকে পরিকল্পিতভাবে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় তাদের হয়রানির শিকার হতে হয় বলেও দাবি করেন বক্তারা।
সাংবাদিক মো. সফর আলীর সভাপতিত্বে এবং সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মো. তাজুল ইসলাম, আব্দুল হাদী, হুমায়ুন কবির, শাহরিয়ার লেলিন, কয়েছ আহমেদ বেপারী, ফরিদ আহমেদ, আনোয়ার বিন খলিলুর, খলিল পরদেশী, হাজী মো. কাউছার আহমেদ, মনির শাহিন, আবু হাসান আপনসহ আরও অনেকে।
বক্তারা সহকারী নায়েব মো. শামমসুদ্দোহা, হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও অবরুদ্ধ করার ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে নবীনগর প্রেসক্লাব, নবীনগর উপজেলা প্রেসক্লাব, নবীনগর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নবীনগর রিপোর্টার্স ক্লাব, নবীনগর মডেল প্রেসক্লাব ও নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
Reporter Name 



















