নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও স্থানীয় যুবদল নেতা মো. মুরাদ হোসেনের বিরুদ্ধে একটি কুচক্রী মহল কর্তৃক মিথ্যা অপপ্রচার ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে। এসব ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ইউপি সদস্য ও তার অনুসারীরা। এদিকে, জনপ্রতিনিধির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সম্মানহানিকর কর্মকাণ্ডে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
ভুক্তভোগী মো. মুরাদ হোসেন জানান, ২নং ওয়ার্ডের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং তার রাজনৈতিক ও সামাজিক ইমেজ ক্ষুণ্ন করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে জড়িয়ে কুরুচিপূর্ণ ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তিনি বলেন, “জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই প্রতিপক্ষ গ্রুপটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নোংরামি করছে।”
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মুরাদ হোসেন মেম্বার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে বলেন, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই অপপ্রচারের নেপথ্যে রয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা উচিত।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।
Reporter Name 



















