ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে নবীনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্পকে এগিয়ে নিতে প্রায় তিন লক্ষাধিক উচ্চশিক্ষিত ও দক্ষ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চিকিৎসকদের কাছে আধুনিক চিকিৎসা ও ওষুধসংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া এবং প্রান্তিক পর্যায়ে ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মাঠপর্যায়ে নানা ধরনের অবমূল্যায়নের শিকার হচ্ছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে অনেক সময় তাদের মানসিক নিগ্রহ ও অপমান সহ্য করতে হয়। সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট অনেকেই অবমাননাকরভাবে তাদের “দালাল” বলে সম্বোধন করেন, যা একজন শিক্ষিত পেশাজীবীর জন্য অত্যন্ত অপমানজনক।
তারা আরও বলেন, হাসপাতাল ও ক্লিনিকে কাজ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থার অবসানে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সামাজিক ও পেশাগত এই অবমূল্যায়ন তাদের পরিবারেও নেতিবাচক প্রভাব ফেলছে।
স্মারকলিপিতে বলা হয়, “আমরা কোনো অযাচিত সুবিধা চাই না, আমরা শুধু আমাদের কাজের সম্মানটুকু চাই। ওষুধের তথ্য চিকিৎসকের কাছে পৌঁছে দেওয়া একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, একে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।”
স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান।
এ সময় নবীনগরে কর্মরত বিভিন্ন দেশি-বিদেশি ওষুধ কোম্পানির উল্লেখযোগ্য সংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 



















