লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটির বিভিন্ন অংশ দেবে যাওয়ায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত সংস্কার কিংবা পুনঃনির্মাণ না হলে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে গুরুত্বপূর্ণ এ ব্রিজটি তেমন কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে ব্রিজের অবস্থা এতটাই নাজুক যে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী হাজারো শিক্ষার্থী চরম ভোগান্তির মধ্যে রয়েছে।
এলাকাবাসী জানান, ব্রিজটি ভেঙে গেলে কয়েকটি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে এবং কৃষিপণ্য পরিবহনেও মারাত্মক সমস্যা সৃষ্টি হবে। তাই দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় সচেতন মহলের দাবি, জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে ব্রিজটি পুনঃনির্মাণ বা সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।
আবু সালমান, রামগতি লক্ষীপুর 



















