আগামীকাল ৪ নভেম্বর (মঙ্গলবার) রামগঞ্জ সফরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে তিনি রামগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রওনা হবেন।
রামগঞ্জে তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা।
এছাড়া তিনি রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন, রামগঞ্জের শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সাবেক এমপি ও প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
রামগঞ্জের কর্মসূচি শেষে উপদেষ্টা মাহফুজ আলম কুমিল্লার কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখান থেকে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের রামগঞ্জ সফরকে ঘিরে উপজেলার আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ফয়সাল হোসেন, স্টাফ রিপোর্টার 





















