লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে কিশোর গ্যাংয়ের হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে কয়েকজন কিশোর দলবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাঠিসোটা নিয়ে মারধর করলে কয়েকজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকটি কিশোর দল বাজার এলাকায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের হামলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় মুহূর্তেই দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ব্যবসায়ী ও পথচারীরা নিরাপদ আশ্রয়ে সরে যান।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিভিন্ন সময় তারা সংঘবদ্ধ হয়ে মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ, দোষীদের শনাক্ত করে গ্রেফতার এবং এলাকায় নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন।
আবু সালমান, রামগতি লক্ষীপুর 



















