কাজী কেয়া, গাজীপুর:
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ‘নীল প্যানেল’ নিরঙ্কুশ জয় লাভ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ পদেই বিপুল ভোটে জয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা।
গতকাল (২১ মে) গভীর রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও পিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নীল প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. কামরুল হাসান শাকিল বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন।
নীল প্যানেল থেকে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন— যুগ্ম সম্পাদক মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মো. আশরাফুল হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম এবং মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা পারভীন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নীল প্যানেল থেকে বিজয়ী হয়েছেন— আলীউল ইসলাম টুটুল, আব্দুল্লাহ, মো. আবু বক্কর সিদ্দিকী, আলমগীর হোসেন, আল আমিন ইসলাম আশিক ও রোজিনা আক্তার। অপরদিকে সবুজ প্যানেল থেকে একমাত্র সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন)।
এই বিজয়ের পর আইনজীবী সমিতির কার্যালয় ও আদালত প্রাঙ্গণে নীল প্যানেলের সমর্থক ও সাধারণ আইনজীবীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উল্লাস দেখা যায়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন এবং আইনজীবীদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
Reporter Name 



















