রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাটে রশিদের ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে গরু বিক্রয় করার অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ ২৬ মে (মঙ্গলবার) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে বুড়ীরহাটে এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, কোরবানির পশুর বাজার জমে ওঠার পর থেকেই কিছু অসাধু চক্র নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পশু বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। হাট চলাকালীন সময়ে দামোদরপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৪৩) বিক্রয় রশিদে উল্লেখিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গরু বিক্রি করছিলেন। হাতেনাতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বা রশিদের অতিরিক্ত মূল্য রেখে ক্রেতা সাধারণকে হয়রানি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের তদারকি ও মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরিফ শেখ, রংপুর প্রতিনিধি 



















