শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। উপজেলা বিএনপির নেতা ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে এবং মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন ও জাতীয় উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তারা আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 



















