নওগাঁর পোরশায় পূনর্ভবা নদীতে সুতিজাল অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। মৎস্য অফিস, বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ৮টি সুতি জাল উচ্ছেদ করা হয় এবং আরও ৮টি রিং জাল উদ্ধার করে নিতপুর বিওপির সামনে ফুটবল মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা শামীম রেজা, নায়েব সুবেদার মুহাম্মদ আলী খান, এএসআই রিপন হোসেন ও আনসার সদস্যরা।
ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “মানুষের মতো নদীরও একটি জীবন, নিজস্ব ছন্দ ও গতিপথ আছে। যখন সুতি জাল বা অন্য কোনো মাধ্যমে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করা হয়, তখন এর প্রভাব পড়ে নদী ও এর ওপর নির্ভরশীল মানুষ, প্রাণীকূল, ফসলি জমি এবং পুরো ইকোসিস্টেমের ওপর। এতে হুমকির মুখে পড়ে নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য ও সাধারণ জেলেদের জীবিকা।”
তিনি আরও জানান, বুধবার পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়—সাপাহার সুইচ গেট থেকে পানি ছাড়ার পরও নিতপুর এলাকায় সুতি জালের কারণে তা ঠিকভাবে নামছে না। আশপাশের কোনো উপজেলায় এমন জাল নেই বলেও তারা জানান।
“এরপরই আমরা অভিযান পরিচালনা করেছি। যারা স্বেচ্ছায় জাল অপসারণ করেছেন তাদের ধন্যবাদ জানাই। নদী ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে,” যোগ করেন ইউএনও রাকিবুল ইসলাম।
সোহেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি 



















