শেরপুরের আলিশান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মুসলিম লীগের জেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা মুসলিম লীগের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ হারুন জিলানী সরকার, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক রুবেল বিন গফফার।
সভাপতির বক্তব্য
সভাপতির বক্তব্যে মোঃ হারুন জিলানী সরকার বলেন,
“বাংলাদেশ মুসলিম লীগ এক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই দলই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রথম সারিতে ভূমিকা রেখেছিল। আজও আমরা সেই আদর্শে বিশ্বাসী ও প্রতিশ্রুতিবদ্ধ। শেরপুর জেলা মুসলিম লীগকে আরও সুসংগঠিত ও কর্মীবান্ধব করতে আমাদের এই কর্মীসভা আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন,
“আমরা চাই বাংলাদেশ মুসলিম লীগ নতুন প্রজন্মের কাছে আবারো আদর্শ ও শৃঙ্খলার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হোক। এজন্য তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করা এবং সকলে মিলেমিশে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
সভাপতি জানান, শেরপুর জেলা মুসলিম লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাবিত হয়েছে এবং তা আগামী ১৪ নভেম্বর ২০২৫ তারিখে ময়মনসিংহ বিভাগীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি রুবেল বিন গফফার বলেন,
“বাংলাদেশ মুসলিম লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক। বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে মুসলিম লীগের কর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন,
“দলের মূল দর্শন হচ্ছে জাতীয়তাবাদ, ইসলামি মূল্যবোধ ও গণতন্ত্র। আমরা সেই নীতিতে অবিচল থেকে মানুষের আস্থা অর্জন করতে চাই। দেশের উন্নয়নে মুসলিম লীগের অবদান ছিল অতীতে যেমন গুরুত্বপূর্ণ, ভবিষ্যতেও তা তেমনি হবে।”
তিনি জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“শেরপুর জেলা মুসলিম লীগের কার্যক্রম দেখে আমি অনুপ্রাণিত। আগামী দিনে এখান থেকেই নতুন নেতৃত্ব উঠে আসবে, যারা জাতীয় পর্যায়ে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।”
অন্যান্যদের বক্তব্য
সভায় আরও বক্তব্য রাখেন
অ্যাডভোকেট জয়নাল আবেদিন আপেল, মামুন তালুকদার, লেবু মিয়া, আব্দুল মালেক, মোঃ আলম, এস এ বাবুল, বাবুল আহমেদ, আব্দুস সোবহান মাস্টার ও হাদিউল ইসলাম ইনু প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ মুসলিম লীগ জাতীয়তাবাদে বিশ্বাসী একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, যার মূল শক্তি হলো সাধারণ জনগণের আস্থা ও ভালোবাসা।
সভায় শেরপুর জেলা মুসলিম লীগের পক্ষ থেকে বিএনপির শেরপুর-১ আসনের সংসদ সদস্য .ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আলোচনা শেষে এক আনন্দঘন পরিবেশে নৈশভোজের আয়োজন করা হয়। পরিশেষে সভাপতি দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মীসভা সমাপ্ত ঘোষণা করেন।
মাহফুজুর রহমান সাইমন শেরপুর 

























