হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কৃতী সন্তান ফাহমিদা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং হাতিয়াবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জুন ২৬ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীন অ্যাকাউন্টিং বিভাগে গবেষণায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি প্রদান করা হয়।
ফাহমিদা বেগম তাঁর গবেষণায় “Impact of Management Accounting Practice on Financial Performance: Evidence from Listed Manufacturing Companies in Bangladesh” শীর্ষক অভিসন্দর্ভ সফলভাবে সম্পন্ন করেন। গবেষণায় বাংলাদেশের তালিকাভুক্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা হিসাবচর্চা (Management Accounting Practices) এবং আর্থিক কর্মদক্ষতার (Financial Performance) পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষাবিদদের মতে, তাঁর গবেষণা দেশের ব্যবস্থাপনা হিসাবচর্চার উন্নয়ন, শিল্পখাতের আর্থিক কর্মদক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণালব্ধ তথ্য ও সুপারিশ নীতিনির্ধারক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং করপোরেট খাতের জন্যও কার্যকর ভূমিকা রাখতে পারে।
তাঁর গবেষণার প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান সরকার এবং যুগ্ম তত্ত্বাবধায়ক ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান।
ফাহমিদা বেগম নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মরহুম কামাল উদ্দিন ও শাহানাজ বেগমের কন্যা। তিনি এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম লিচানুল হক মাস্টারের নাতনি।
তাঁর এই অসাধারণ শিক্ষাগত অর্জনে হাতিয়ার বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, তাঁর এ সাফল্য হাতিয়ার নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে এবং দেশের শিক্ষা ও গবেষণা অঙ্গনে হাতিয়ার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
Reporter Name 



















