মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাইপাস এলাকার পশ্চিম হাউজিংয়ে অবস্থিত আল বুখারী মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ১১ বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোঃ আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসার ওই ছাত্র পরিবারের সদস্যদের কাছে অভিযোগটি জানায়। পরে গতকাল মঙ্গলবার রাতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করা হয়। অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে অভিযুক্ত শিক্ষককে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় লোকজন জড়ো হন। তারা অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয়দের ভাষ্য, কোনো ব্যক্তির অপরাধকে ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ নেই। তারা বলেন, এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
স্থানীয়দের ভাষ্য, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
ঘটনার পর অভিযুক্ত শিক্ষক আক্তার হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। তিনি পুলিশকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শিশুর নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Reporter Name 



















