জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের নিজামগাতী কাঁঠালতলা থেকে চাঁদপাড়া–কারিগরপাড়া জামে মসজিদ হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ ১৭ বছরেও পাকা না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ,ভাঙন এবং মাঝখানে থাকা সেতুর দুই পাশের মাটি ধসে পড়ায় সেতুটিও এখন হুমকির মুখে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ,প্রায় তিন যুগ আগে সড়কটিতে শুধু ইট বিছানো হলেও এরপর আর কোনো উন্নয়নকাজ হয়নি।দীর্ঘদিনের অবহেলায় সড়কটির বিভিন্ন অংশ ভেঙে পাশের পুকুরে বিলীন হয়ে গেছে।ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকার হাজারো মানুষ।
গ্রামপাঙ্গাসী গ্রামের কয়েকজন কৃষক জানান,সড়কের বেহাল অবস্থার কারণে সময়মতো কৃষিপণ্য বাজারে পৌঁছানো সম্ভব হয় না।এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয় ইজিবাইক চালক সোহেল, হেলাল,রেজাউল,জহুরুল ও শরিফুল বলেন,প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করতে হয়।যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকার ব্যবসায়ী আব্দুল খালেক, হেলাল উদ্দিন,ডাক্তার গোলাম মোস্তফা ও আব্দুল মালেক জানান, গ্রামপাঙ্গাসী হাট এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র,যেখানে প্রতি সোমবার ও শুক্রবার হাট বসে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে সড়কটি কাদায় পরিণত হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। অনেক সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এ বিষয়ে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল আলম খোকন বলেন,জনদুর্ভোগের বিষয়টি সত্য।গত ১৭ বছরে ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি।এলাকার স্বার্থে বিষয়টি বর্তমান সংসদ সদস্যের নজরে আনা হবে।
এ অবস্থায় নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত পাকা করা এবং ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবী করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Reporter Name 



















