২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া নবীনগর উপজেলার ছয় বীর সন্তানের স্মরণে নির্মিত ‘ শহীদ স্মৃতি স্তম্ভ ’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় নবীনগর থানা প্রাঙ্গণের প্রবেশদ্বারে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতি স্তম্ভটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
উদ্বোধন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নবীনগর উপজেলার ছয়জন প্রাণ হারান। তাঁদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতি স্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক অনন্য স্মারক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদ, বিএনপি নেতা সাদেকুল ইসলাম সাদির, বিএনপি নেতা আমির হোসেন, যুবদল নেতা কাজী সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগকে জাতির জন্য অনুকরণীয় ও প্রেরণার উৎস হিসেবে অভিহিত করেন।
ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 



















