চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের শিলন্দিয়া মৌজায় পৈত্রিক একটি নালিশি জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দখল ও ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মৃত শাহাজালাল গাজীর বড় ছেলে মো. মোস্তফা গাজী প্রতিপক্ষ তার ছোট ভাই রুস্তম গাজী ও তার স্ত্রী তাসলিমা বেগমের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, চাঁদপুরে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় প্রতিকার চেয়ে আবেদন করেছেন। মামলার আবেদন নম্বর ৭১৩/২৬ (তারিখ: ১৪ জুন ২০২৬), স্মারক নম্বর-১০১৩।
আদালতে দাখিল করা আবেদনে অভিযোগ করা হয়, বিচারাধীন জমিতে আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিবাদীপক্ষ শ্রমিক এনে মাটি কাটা ও ভবন নির্মাণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে বাদী ও তার পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দেওয়া হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের দাবি, বিরোধপূর্ণ জমিটি নিয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীরা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এ কারণে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর রেখে বিবাদীপক্ষকে নালিশি জমিতে প্রবেশ, দখল, মাটি কাটা ও স্থাপনা নির্মাণ থেকে বিরত রাখার আবেদন জানানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিবাদীপক্ষ জানায়, “এটি আমাদের নিজস্ব জমি। আমরা আমাদের জায়গায় ঘর নির্মাণ করছি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এএসআই আরিফুল মাওলা সুমন বলেন, “আদালতের ১৪৫(১) ধারার বিধান অনুযায়ী বাদী ও বিবাদীকে দখল সংক্রান্ত লিখিত বক্তব্য দাখিলের জন্য নোটিশ প্রদান করা হয়েছে। পাশাপাশি আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবন নির্মাণ বা কোনো ধরনের কার্যক্রম না চালানোর জন্য উভয় পক্ষকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।”
বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে এবং ভুক্তভোগী পক্ষ আদালতের পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছে।
স্টাফ রির্পোটার 



















