খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট, তেঁতুলতলা, মোড়ল মার্কেট ও কেবলঘাট, বারাকপুর বাজার হয়ে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও অসংখ্য খানাখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ডুবে যায়, ফলে সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়কটি দিঘলিয়ার বিভিন্ন এলাকার মানুষের প্রধান যোগাযোগপথ। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক, ব্যবসায়ী এবং রোগীবাহী যানবাহন এই পথ ব্যবহার করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ভ্যান, অটোরিকশা ও অন্যান্য হালকা যানবাহনের চালকরা ঝুঁকির কারণে অনেকেই এ সড়কে চলাচল করতে অনিচ্ছুক।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন অসুস্থ রোগী, শিশু, নারী ও বয়স্ক মানুষ। জরুরি রোগী হাসপাতালে নেওয়ার সময় ভাঙাচোরা সড়কের কারণে মূল্যবান সময় নষ্ট হচ্ছে। শিক্ষার্থীরাও প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয় ও কলেজে যাতায়াত করছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সড়কটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছেই।
এলাকাবাসীর দাবি, জনস্বার্থে এবং দুর্ঘটনা রোধে নগরঘাট থেকে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত পুরো সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। তাদের ভাষায়, একটি গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাবে।
জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার 



















