নোয়াখালীর চাটখিলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্রসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে চাটখিল থানাধীন সাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্র জানায়, পলাতক আসামি হেলাল হোসেন (২৮)-এর নিজ দখলীয় উত্তরমুখী দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতঘরে অভিযান চালিয়ে ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৬০ গ্রাম), ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি বিদেশি পিস্তল সদৃশ বস্তু এবং একটি গুলি সদৃশ বস্তু জব্দ করা হয়েছে।
আসামি হেলাল হোসেন সাহাপুর ইউনিয়নের কাজী বাড়ি এলাকার মৃত আবুল কালামের ছেলে। অভিযানকালে তিনি পলাতক ছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারা এবং ১৯(ক) ধারায় চাটখিল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
ডিএনসি নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার 



















