সুজন আহম্মেদ,চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ জুলাই দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের মহামায়া বাজার ও ছোট সুন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণ এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে আনন্দ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এছাড়া অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Reporter Name 



















