শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় এডভোকেসি সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন। তিনি বলেন, “টাইফয়েড একটি প্রাণঘাতী রোগ। সরকারের এই উদ্যোগ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রশংসনীয়। অভিভাবকদের সচেতন করে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে।”
সভায় জানানো হয়, সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। দুর্গাপুর উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।
ডিজিটাল জন্মনিবন্ধন থাকা শিক্ষার্থীরা vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। যাদের জন্মনিবন্ধন নেই, তারা বিদ্যালয় বা টিকাদান কেন্দ্রের সহায়তায় টিকা নিতে পারবেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২০১৭ সাল থেকে দেশে টাইফয়েড টিকা ব্যবহার হচ্ছে, যা সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। দুর্গাপুর উপজেলায় এই ক্যাম্পেইনের মাধ্যমে ৪৫ হাজার ২২৯ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুহুল আমিন এবং সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইউসুফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঈশা নুসরাত জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, থানার উপপরিদর্শক রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি 



















