শেরপুরের ১০ নং চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে পথ আটকে হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, পৌরসভা ওয়ার্ড সভাপতি রাকিবসহ অন্তত ১৫ জন। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর আহতদের হাসপাতালে দেখতে যান হাফেজ রাশেদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জামায়াতের গণসংযোগে বিএনপির হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
পরে হামলার বিষয়ে শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দাখিলের পর থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন হাফেজ রাশেদুল ইসলাম। তিনি বলেন, “জামায়াতে ইসলামী দীর্ঘদিন বিএনপির সঙ্গে রাজনৈতিক সহযাত্রী ছিল, কখনোই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
তিনি হামলাকারী সন্ত্রাসীদের দল থেকে বহিষ্কার করার জন্য বিএনপির প্রতি আহবান জানান এবং ভিডিও ফুটেজ দেখে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামলাকারীদের বিষয়ে সর্বোচ্চ আইনি সহায়তার আশ্বাস দেন।
মাহফুজুর রহমান সাইমন শেরপুর 



















