নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদেশি পিস্তল- গুলিসহ শিকদার লিমন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। যৌথবাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রবিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক সহ গ্রেফতার করে নড়াইল সেনা ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত, শিকদার লিমন লোহাগড়া উপজেলার ইউনিয়নের ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর যাবৎ মালেশিয়াতে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়,লোহাগড়া উপজেলার ইতনা পশ্চিমপাড়া এলাকার শিকদার লিমন ও শিকদার রিয়াজ নামের আপন দুই সহোদর সন্ত্রাসী কর্যক্রম পরিচালনা উদ্দেশ্যে তাদের বসত বাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছেন, এমন গোয়েন্দা তথ্য পায় নড়াইল সেনাবাহিনী ক্যাম্প। ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ অভিযুক্তদের বাড়িতে শনিবার মধ্য রাতে অভিযান চালায়। যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়।
পরে অভিযুক্তদের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনের অংশ থেকে একটি বিদেশি ৭২ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ, এছাড়াও বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। লিমন দীর্ঘদিন প্রবাস জীবনে থেকেছেন, তার পার্সপোর্টে ভিসার মেয়াদ থাকায় তার ব্যবহৃত ৩ টি পাসপোর্ট জব্দ করে যৌথবাহিনী।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন,জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথঅভিযান পরিচালনা করছি। তার অংশ হিসেবে ইতনা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্র সহ আটক করা হয়েছে। পরে নিয়মিত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আসিফ আহম্মেদ সিয়াম জেলা প্রতিনিধি নড়াইল 



















