মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি ঃ
শেরপুরে চোরাচালানের মাধ্যমে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
২১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশের একটি দল শেরপুর পৌরসভার রাজবল্লভপুর এলাকার আরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যানটিকে থামার সংকেত দিলে ভ্যানে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে।
আটকের পর ভ্যানটি তল্লাশি করে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩ হাজার ২০০ প্যাকেট জিলেট ব্লেড, যার আনুমানিক মূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা; ৩ হাজার বোতল ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার’ ফেস ওয়াশ, যার মূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা; এবং ২০০ পিস ‘পন্ডস’ ফেস ওয়াশ, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এছাড়া প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত ভ্যানও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত চোরাচালান পণ্য ও ভ্যানসহ মোট মূল্য আনুমানিক ২২ লাখ ৭৪ হাজার টাকা।
আটককৃতরা হলেন— আনিসুর রহমান (২০), পিতা মো. আলাল মিয়া, সাং ছিটপাড়া এবং মো. ফরিদ (২৯), পিতা দরবেশ মিয়া, সাং ছালুয়াতলা। উভয়ের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানায়।
শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Reporter Name 



















