মোহাম্মদ হানজালা, শার্শা-বেনাপোল প্রতিনিধি।
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গোগা হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদ উদ্দৌলা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতি শহিদুল্লাহ কাসেমী এবং উপজেলা কর্মপরিষদ সদস্য মো. ফিরোজ আল মাহমুদ।
জনসভায় সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম খলিল। কুরআন তেলাওয়াত করেন হাফেজ আ. মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন, দেশের চলমান সংকট থেকে মুক্তি পেতে হলে ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করার কোনো বিকল্প নেই। তিনি শার্শা উপজেলাকে দুর্নীতি, দখল ও সন্ত্রাসমুক্ত করে একটি আদর্শ ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায়। ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা মন্তব্য করেন।
জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
Reporter Name 



















