মোহাম্মদ হানজালা, যশোর প্রতিনিধি।
৫ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শার্শা উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নের বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী গণসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন, “বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ আর দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দুঃশাসনের রাজনীতি চায় না। মানুষ চায় আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।”
পুটখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ বিশাল জনসভায় তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং ন্যায়বিচার পদদলিত হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালিত হবে কুরআন ও সুন্নাহর আলোকে, যেখানে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, “ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে এই জনপদে আর কোনো বৈষম্য থাকবে না। যুব সমাজের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য, আলেম-ওলামার মর্যাদা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
পুটখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।
এছাড়া আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৈয়বুর রহমান জাহাঙ্গীর, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মুহাম্মদ রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদ্দৌলা, প্রবাসী মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় বিপুল সংখ্যক জামায়াতের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে রূপ নেয়।
Reporter Name 



















