লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমিতে বিলের পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই বাড়ির নারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গত শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের পূর্ব টিওরী গ্রামের মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব টিওরী গ্রামের পাশের বিলে জমে থাকা বর্ষার পানি দিয়ে শুষ্ক মৌসুমে স্থানীয় কৃষকরা চাষাবাদ করেন। এই পানি ব্যবহার নিয়ে ওই গ্রামের মোল্লা বাড়ির মোহন মোল্লা ও রাসেলদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত শুক্রবার বিকেলে মোটর দিয়ে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন কমবেশি আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী মোহন মোল্লার দাবি, তাঁর চাচাতো ভাই তিন হাজার টাকার বিনিময়ে জমিতে পানি দেওয়ার চুক্তি করলেও প্রতিপক্ষ তাতে বাধা দেয়। এর প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে, প্রতিপক্ষ রাসেলের ভাই রাকিব হোসেনের অভিযোগ, বারবার সেচ পাম্প বসাতে গেলে মোহন ও তাঁর লোকজন বাধা দেন এবং গালিগালাজ একপর্যায়ে মারধর শুরু করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিলের পানি নিয়ে বিরোধের জেরে এই মারামারির সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরও বলেন, ‘উভয় পক্ষকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিজস্ব প্রতিবেদক 



















