এম মনিরুল ইসলাম,শ্যামনগর থেকে ফিরে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। গত বুধবার (৪ মার্চ) সকালে পরিচালিত এক ঝটিকা অভিযানে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দের পাশাপাশি দেড় লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসেনের নেতৃত্বে এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমানের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে স্থানীয় জনগণের সহায়তায় একটি বিশাল বালুবাহী কার্গো ও একটি ট্রলার জব্দ করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে ৬ জনকে আটক করা হয়।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটক ব্যক্তিদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে শ্যামনগর থানার ওসি মোঃ খালেদুর রহমানের ভূমিকা ছিল দৃঢ় ও সক্রিয়। সম্প্রতি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে স্বীকৃতি পাওয়া এই কর্মকর্তা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়ে আসছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী চক্রের রক্তচক্ষু উপেক্ষা করে এ ধরনের অভিযান পরিচালনায় প্রশাসনের সাহসী ভূমিকা এলাকাবাসীর মধ্যে আস্থা সৃষ্টি করেছে। নদীভাঙন রোধ ও পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনার দাবি জানান তারা।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওসি মোঃ খালেদুর রহমান বলেন, “আমরা কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আপস করব না। পুলিশের কাজ মানুষের সেবা করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। কে কোন দলের বা কার লোক-সেটা পুলিশের দেখার বিষয় নয়। অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে। পুলিশের কাজে কেউ বাধা দিলে তাকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, সুন্দরবন সংলগ্ন এই জনপদের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত বিরতিতে অব্যাহত থাকবে।
Reporter Name 



















